বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির আজ শেষ দিন। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার, ক্ষমতাসীনদের পদত্যাগের এক দফা দাবিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীতে কিছু বাস চললেও গত দুই দিনের মতো দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। এছাড়া বুধবার দিনগত রাত আড়াইটার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় হিরণ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার কমলপুর এলাকার বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
এদিকে দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সারাদেশে বিএনপিসহ বিরোধী দলের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অবরোধ চলাকালে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে অন্তত ২১টি অগ্নিসংযোগের খবর পেয়েছেন তারা। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫টি, ঢাকা বিভাগে ৭টি (সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ), চট্টগ্রাম (কর্ণফুলী, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড) এবং রাজশাহী (বগুড়া, সিরাজগঞ্জ ও রংপুর) বিভাগে ৪টি করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সারাদেশে ১০টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৩টি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়।