• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পুলিশ-র‌্যাবের কঠোর অবস্থানের মধ্যেও শিবিরের শোডাউন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৩

পুলিশ ও র‌্যাবের কঠোর অবস্থানের মধ্যেও ফকিরাপুলে বিক্ষোভ করেছে শিবির।

শনিবার সকাল ৯টায় নটরডেম কলেজের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফকিরাপুল কাঁচাবাজারে অবস্থান নেয়। মিছিলের নেতৃত্ব দেন শিবিরের ঢাকা মহানগর উত্তরের নেতা ফিরোজ আলম জাফরী।

তত্ত্বাবধায়ক সরক‌া‌রের অধী‌নে নির্বাচনসহ তিন দা‌বি‌তে ম‌তি‌ঝি‌লের শাপলা চত্বরে মহাসমা‌বেশ ডে‌কে‌ছে জামায়াত। পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে রাজপথে শোডাউন দিচ্ছে শিবির।

এদিকে শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হতে চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে রাজধানীর আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।

শনিবার ভোর থেকে জামায়াত নেতাকর্মীরা মতিঝিল এলাকায় অবস্থান নিয়েছে। সকালে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল সাড়ে ৮টার পর আবার মতিঝিল এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

কাকরাইল, নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর, ফকিরাপুল, রাজারবাগ, দৈনিক বাংলা, আরামবাগ ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

পল্টন মডেল থানার পরিদর্শক সেন্টু মিয়া বলেন, ‘ভোরে ওই এলাকায় অবস্থান নিয়ে মিছিল বের করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’