• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মার্কিন পর্যবেক্ষক দলের বৈঠকে সবার নজর 

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৩

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব-পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। তারা আজ সোমবার আসন্ন নির্বাচনের বিষয় নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আলাদা বৈঠক করবেন।

এদিকে বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগের ঘোষণার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে জোর আলোচনায় রয়েছে আমেরিকা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও রাজপথের বিরোধীদল বিএনপির সঙ্গে আলাদা বৈঠক শেষে কী বলবে ওই পর্যবেক্ষক দল- সেদিকেই নজর রাজনীতিবিদদের। কৌতূহল রয়েছে সাধারণ মানুষেরও।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে মূল্যায়ন করতে এখন ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার বনানীর একটি হোটেলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দলের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতসহ দলের অন্য নেতারা।

একইদিন সকাল সাড়ে ১০টায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব-পরিস্থিতি যাচাই করতে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। বাংলাদেশের নির্বাচনের ভোটে নাগরিকদের আস্থা বাড়ানোর বিষয়ে সুপারিশ করবে দলটি- এমন আভাসই পাওয়া গেছে। এই প্রাক-নির্বাচনী সমীক্ষা মিশন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতি অনুযায়ী পরিচালিত হবে। ইউএসএআইডির সহায়তায় এ মিশন পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল মূলত নির্বাচনের পরিবেশ মূল্যায়নে বাংলাদেশ সফরে এসেছেন। এ প্রতিনিধিদলের রিপোর্টের ওপর নির্ভর করবে বাংলাদেশে নির্বাচনকালীন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সমন্বয়ে গঠিত প্রাক্-নির্বাচন সমীক্ষা মিশনের প্রতিনিধিরা শনিবার বাংলাদেশে এসেছেন।

প্রাক-নির্বাচন পর্যবেক্ষণকারী দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলের সদস্যদের আলোচনা করার কথা রয়েছে।

ঢাকার সফর শেষে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে বলে জানা গেছে।

প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে রয়েছেন- দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ. ইন্ডারফার্থ, ইউএসএআইডির সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক সহযোগী জামিল জাফের, এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, আইআরআইয়ের এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।

এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে যায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েও জানিয়েছে সংস্থাটি।