• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হামাসের হামলায় ৬০০ ইসরায়েলি নিহত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি। রোববার ইসরায়েলি গণমাধ্যমের খবরে হতাহতের এই তথ্য জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সীমান্ত সম্প্রদায়ের ওপর হামাসের হামলায় মৃতের সংখ্যা ৩০০ থেকে বেড়ে ৬০০ ছাড়িয়ে গেছে।

ইসরায়েলের স্বেচ্ছাসেবী গোষ্ঠী জাকা হামাসের হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করছে। এই গোষ্ঠীর একজন মুখপাত্র হেব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।

হামাসের বন্দুকধারীদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান যুদ্ধের মাঝেই এসব মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে জাকা। হামাসের হামলা তীব্র হওয়া গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল।