বিএনপি-জামায়াত মানুষ পোড়ায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ণ ইউনিট করে মানুষকে সুস্থ করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘এটাই আমাদের বৈশিষ্ট্য। ওরা তো আজকে নতুন না, ২০১৩-১৪ সালে ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীবজন্তুও বাদ যায়নি।‘
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। তিনি বলেন, বিএনপির-জামায়াতের সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। যারাই এ অপকর্মগুলো করছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।’
মন্ত্রী বলেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। এটা পাশের দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্ট গার্ড আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরো শক্তিশালী করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা (সাংবাদিক) যদি মাদকের কুফল সম্পর্কে সকলকে না জানান তাহলে আমরা এটা থেকে মুক্ত হবো কী করে। এজন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ।