বি৭১নি ডেস্ক ::
চলতি বোরো মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বাজার তথা মিল মালিকদের কাছ থেকে সাড়ে ১১ লাখ টন সিদ্ধ ও আতপ চাল এবং সাড়ে ৬ লাখ টন ধান কিনবে সরকার। ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল এবং কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ধান কেনা হবে। ২৮ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। চলবে আগস্ট মাস পর্যন্ত। বোরো সংগ্রহ কর্মসূচি উপলক্ষ্যে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘বোরোতে কৃষকে ন্যায্যমূল্য দেওয়ার চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী অনুমোদনও দিয়েছেন। গত বছর বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে আতপ চাল কেনা হয়েছিল।’ সেই হিসাবে এবার এক টাকা বেশি দরে ধান ও ৩ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সঠিকভাবে ধান-চাল কিনতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কৃষক যাতে ধান নিয়ে ফেরত না যান সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ঝামেলা যেন না হয়। চালের মানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। সঠিকতা বজায় রেখে ৪০ শতাংশ আর্দ্রতার চাল ও ধান কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।’