• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্মশানগুলোতে লাশের দীর্ঘ সারি, প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২১

বি৭১নি ডেস্ক ::
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা খাত। দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের জন্য চলছে হাহাকার। অক্সিজেনের অভাবে অনেক হাসপাতালে রোগী মারা যাচ্ছে।
একসঙ্গে এত মানুষের মৃত্যুর কারণে ভিড় বাড়ছে শ্মশানগুলোতে। সেখানে প্রিয় মানুষের শেষকৃত্যের জন্য লম্বা লাইন ধরতে হচ্ছে স্বজনদের। পরিস্থিতি সামাল দিতে অনেক স্থানেই ব্যবস্থা করা হচ্ছে গণচিতার।
করোনা মহামারিতে ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৬২৪ জন মারা গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
এনডিটিভির খবরে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার জন। গত ২৪ ঘণ্টার তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ২৬৩ জন করোনায় মারা যান। সংক্রমিত হন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। সব মিলিয়ে গত বছর থেকে এখন পযর্ন্ত আক্রান্ত হলেন ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার ২ হাজার ৬২৪ মৃত্যু হওয়ায় দেশে এখনও পযর্ন্ত প্রাণ হারালেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।
আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। এই বৃদ্ধি স্বাস্থ্যসেবাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। শনিবার দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লাখ ২৪ হাজার ৩২৪। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা হলো ২৫ লাখ ৫২ হাজার ৯৪০ জন।