• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আগামী সোমবার খুলতে পারে শপিংমল ও দোকানপাট

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১

বি৭১নি ডেস্ক ::
দেশের দোকানপাট, শপিংমল আগামী সোমবার থেকে খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায় থেকে দোকান মালিকদের ধৈর্য ধরতে বলা হয়েছে।
আশা করা হচ্ছে আগামী সোমবার থেকে খুলে দেওয়া হতে পারে দোকানপাট। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। তারপর চলমান লকডাউনের কারণে ঈদকেন্দ্রিক ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি করে আসছেন। এ নিয়ে সংগঠনটি এ সপ্তাহে সংবাদ সম্মেলন করেছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সোমবার রাতে সরকারের শীর্ষ পর্যায়ে টেলিফোনে তার কথা হয়েছে।
‘সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে, এ মুহূর্তে জীবনটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথমবার আমরা মহামারি মোকাবিলা করতে পেরেছিলাম। কিন্তু করোনার এখনকার ধরন খুব খারাপ। যখন কেউ ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছে, তখন সে বুঝতে পারে না। যখন বুঝতে পারে, তখন তাদের অনেককে বাঁচানো যাচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কষ্ট করছে, সেটি আমরা দেখছি। আপনারা আরেকটু কষ্ট করেন। কারণ জীবনটা আগে বাঁচাতে হবে। আমরা দোকানপাট ও বিপণিবিতান খোলার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত দেব।’
হেলাল উদ্দিন বলেন, ‘আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দিতে আমি সরকারের শীর্ষ মহলকে অনুরোধ করেছি। সেজন্য আগামী রোববার একটি ঘোষণা দেওয়ারও অনুরোধ জানিয়েছি। আশা করছি রোববার আমাদের একটি ভালো খবর দেওয়া হবে। প্রধানমন্ত্রী আগেও কোনো দিন দোকান মালিক সমিতিকে ফিরিয়ে দেননি। এবারও তিনি ফিরিয়ে দেবেন না।’