• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

চলে গেলেন চিত্রনায়িকা কবরী, সমাহিত হবেন বনানী কবরস্থানে

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
চলে গেলেন চিত্রনায়িকা কবরী, সমাহিত হবেন বনানী কবরস্থানে

বি৭১নি ডেস্ক ::
করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
গত ৫ এপ্রিল করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে।
পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।বৃহস্পতিবার বিকাল ৪টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম মিনা পালের (কবরীর পূর্ব নাম) শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে।
১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয় করে মিনা পাল থেকে কবরী হয়ে উঠেন তিনি।
দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সুজন সখী’, ‘স্মৃতিটুকু থাক’, ‘সারেং বউ’, ‘তিতাস একটি নদীর নাম’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সারাহ বেগম কবরীকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
শনিবার বাদ জোহর কবরস্থান এলাকায় তার জানাজা হবে। জানাজা শুরুর আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে।
কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যমকে এ সকল তথ্য নিশ্চিত করেছেন।
তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
হিমঘর থেকে তার মরদেহ নেওয়া হবে মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো শেষে তার মরদেহ গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নেওয়া হবে।
কিছুক্ষণ রাখার পর কবরীর মরদেহ জোহরের আগেই নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থান এলাকায়। এরপর সেখানেই জানাজা সম্পন্ন হবে। তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।