• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ফ্লয়েডকে গ্রেফতারের সময় নিয়ম লঙ্ঘন হয়েছে

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
ফ্লয়েডকে গ্রেফতারের সময় নিয়ম লঙ্ঘন হয়েছে

বি৭১নি ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে গ্রেফতারের সময় নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন মিনিয়াপোলিস শহরের পুলিশপ্রধান মেদারিয়া আরাডোনদো।
ফ্লয়েড হত্যাকাণ্ডের বিচারের ষষ্ঠদিন সোমবার তিনি আদালতে বলেন, ফ্লয়েডকে গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন নিয়ম লঙ্ঘন করেছেন।খবর বিবিসির।
পুলিশপ্রধান মেদারিয়া আরাডোনদো বলেন, ফ্লয়েডকে যেভাবে গ্রেফতার করা হয় তা আমাদের প্রশিক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং অবশ্যই আমাদের নীতি ও মূল্যবোধের অংশ নয়।
ফ্লয়েড হত্যার ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ৪৫ বছর বয়সী বরখাস্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি।
তবে চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষ প্রমাণিত হলে এ মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
গত সপ্তাহে শুরু হওয়া এই বিচারকাজ শেষ হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
এ ঘটনায় আইনজীবীরা প্রমাণের চেষ্টা করছেন যে, ফ্লয়েডকে গ্রেফতার করতে গিয়ে চাওভিন তার প্রশিক্ষণের নীতি ভঙ্গ করেছেন। পুলিশের সংশ্লিষ্টদের নিয়ম মেনে সেভাবে জিজ্ঞাসাবাদ চলছে।
আইনজীবীদের ধারণা, পুলিশের পক্ষ থেকেও বিচারকাজে সহায়তা করা হবে। এরই ধারাবাহিকতায় মিনিয়াপোলিস পুলিশ প্রধান আদালতে সাক্ষী দেন।
জালনোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ডেরেক চাওভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। পরে এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বিক্ষোভ হয়।