• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রাণহানি ৯ হাজার ছাড়াল কোভিড-১৯

bijoy71news
প্রকাশিত মার্চ ৩১, ২০২১

বি৭১নি ডেস্ক ::
কোভিড-১৯ এ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে।
আর দৈনিক মৃত্যুর এই সংখ্যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৬ আগস্ট এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল। সেদিন ৫৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সবমিলিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২৯ মার্চ; পাঁচ হাজার ১৮১ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়।
দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।