বি৭১নি ডেস্ক ::
আলবেনিয়ার রাষ্ট্রপতি ইলির মেতার কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত আসুদ আহমদ। ১২ মার্চ রাজধানী তিরানায় প্রেসিডেন্সি ভবনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশের পর আলবেনিয়ার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত আলবেনিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি বাংলাদেশ ও আলবেনিয়ার মধ্যে বিদ্যমান ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের ব্যবসা ও বিনিয়োগ-বান্ধব নীতিমালা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা সম্পর্কে অবহিত করে বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগে আলবেনিয়ার ব্যবসায়ীদের উৎসাহিত করার অনুরোধ জানান।
বাস্তুচ্যুত ১.১ মিলিয়ন মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিককে মানবিক বিবেচনায় গত ৪ বছর ধরে আশ্রয় দিয়ে মানবিকতার যে অনন্য নিদর্শন বাংলাদেশ স্থাপন করেছে, সে বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত নেয়ার বিষয়ে আলবেনিয়া সরকারের সহযোগিতা কামনা করেন। আলবেনিয়ার রাষ্ট্রপতি বিষয়সমূহকে অত্যন্ত গুরুত্ব প্রদান করে এসব বিষয়ে তার সার্বিক সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। আলবেনিয়ার রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তাদেরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আলবেনিয়া সফরের আমন্ত্রণ জানান।
এছাড়া তিনি নিজেও ভবিষ্যতে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। পরিচয়পত্র পেশকালে এবং বৈঠকে আলবেনিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা, রাষ্ট্রাচার প্রধান, রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস রেবেকা সুলতানা এবং দূতাবাসের কাউন্সেলর মো. খালেদ উপস্থিত ছিলেন।