• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বিপদ ডেকে আনছে মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

bijoy71news
প্রকাশিত মার্চ ১১, ২০২১
বিপদ ডেকে আনছে মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

বি৭১নি ডেস্ক ::
টিকা প্রয়োগ অব্যাহতভাবে চললেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে- এটিকে আশঙ্কাজনক বলে উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, টিকা নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এটি বিপদ ডেকে আনছে।
বৃহস্পতিবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিদিন শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। এটা আশঙ্কাজনক। আমরা একটু বেপরোয়া হয়ে গেছি। আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে। ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি, সময় লাগবে।
তিনি বলেন, সংক্রমণ প্রতিরোধে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি গতকাল (বুধবার) সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছি। জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। জেলার কমিটিকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না সেগুলো যেন স্থগিত করে- তা বলা হয়েছে।