• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হজযাত্রী ও স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক

bijoy71news
প্রকাশিত মার্চ ৩, ২০২১
হজযাত্রী ও স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক

বি৭১নি ডেস্ক ::
এ বছর হজযাত্রীদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার।
একই সঙ্গে চলতি বছর হজের দায়িত্বে যেসব স্বাস্থ্যকর্মী কাজ করবেন, তাদের জন্যও করোনার টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। খবর আরব নিউজের।
এক সরকারি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হজের সময় মক্কা ও মদিনায় যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন, আগে থেকেই তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ জন্য হজ ও ওমরাহর সময়ে অবশ্যই একটি টিকা কমিটি গঠন করতে হবে, যাতে এই সময়ে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া নিশ্চিত করা যায়।
এদিকে মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদুল্লাহ আলী বলেছেন, যারা করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যারা ২০২১ সালে হজ পালন করতে চান তাদের অবশ্যই টিকা নিতে হবে। কারণ এটি মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।
এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।