• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে ২০ বাংলাদেশি করোনায় আক্রান্ত

bijoy71news
প্রকাশিত মার্চ ২১, ২০২০

বি৭১নি ডেস্ক :
যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ১০ জন বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন। এরই মধ্যে দুজন বাংলাদেশি সেখানে মারা গেছেন।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৬ জনের। তাদের মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ৪২ জন। এমন পরিস্থিতিতে করোনার ঝুঁকি মোকাবিলায় রোববার সন্ধ্যা থেকে নিউইয়র্ক লকডাউন ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।
নিউইয়র্ক সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. লিনিয়া আহমেদ কিকি বলেন, ‘বাংলাদেশি কমিউনিটি এবং আমেরিকান কমিউনিটি নিয়েই আমরা বেশ সচেতন। এ রোগ প্রতিহত করতে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে একজন থেকে যেন অন্যজনে না ছড়ায়।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার নিউইয়র্ক, কানেকটিকাট ও ইলিনয়ে বসবাসকারী সবাইকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। ক্যালিফোর্নিয়ায়ও একই নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। তবে অতি জরুরি প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
তিনটি অঙ্গরাজ্যের গভর্নররা শুক্রবার বলেছেন, এ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফলে রোববার থেকে কার্যত লকডাউন হচ্ছে যুক্তরাষ্ট্রের আরও তিনটি স্টেট।