• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘ক্যাসিনো সম্রাটকে’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে বিএনপি : তথ্যমন্ত্রী

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্যাসিনো সম্রাট বলে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ক্যাসিনো সম্রাটকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে রেখেছেন।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি- লন্ডনে তারেক রহমান যে আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে ক্যাসিনো থেকেও আয় দেখানো হয়েছে। তার (তারেক রহমানের) আয়ের একটি বড় অংশ হচ্ছে ক্যাসিনো থেকে। কারণ, ইংল্যান্ডে ক্যাসিনো থেকে আয় করলে ট্যাক্স দিতে হয় না।
তিনি বলেন, ‘বিএনপির হাত ধরেই বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি চালু হয়েছে। তারা এসব সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। আবার বিসমিল্লাহ বলে দেশে মদ-জুয়া হাউজিও চালু করে দিয়েছিলেন। যাদের একটু বয়স হয়েছে, তাদের এটা মনে আছে। চলমান সাঁড়াশি অভিযান নিয়ে কটাক্ষ করার আগে নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে একটু তাকান।’
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকে রাষ্ট্র ও সমাজকে পরিশুদ্ধ করার লক্ষ্যে এবং সব ধরনের অবৈধ অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে যে সাঁড়াশি অভিযান চলছে এটা অত্যন্ত প্রশংসনীয়। যারা এটিকে প্রশংসা করতে পারেন না, তারা নিজের ব্যর্থতা ঢাকার জন্যই অহেতুক কটাক্ষ করছেন। ’
বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিকে অনুরোধ করবো, আসুন দেশকে কলুষমুক্ত করার জন্য এবং দেশ থেকে সব ধরনের অনাচার নির্মূল করার জন্য একযোগে কাজ করি। আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য অহেতুক সমালোচনা করবেন না।’
আলোচনা সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম করবী, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।