• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যুবলীগ নেতা শামীমকে গুলশান থানায় হস্তান্তর, ৩ মামলা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দিয়ে তাকে গুলশান থানায় হস্তান্তর করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে তার সাত দেহরক্ষীকেও পুলিশের কাছে দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উত্তরার র‌্যাব-১ কার্যালয় থেকে তাদের থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘র‌্যাব তিনটি অভিযোগ দিয়েছে। এর একটি মাদক আইনে, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এবং আরেকটি অস্ত্র আইনে।’
এসব মামলার আসামি হিসেবে জি কে শামীমসহ আটজনকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর নিকেতনে অভিযান চালিয়ে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করে র‌্যাব। এ সময় ১ কোটি ৮০ লাখ নগদ অর্থ এবং ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজসহ অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়।
মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদকে গ্রেপ্তারের পর জি কে শামীমের নাম উঠে আসে। রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন। বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি।