• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নুসরাত হত্যা : অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদণ্ড চেয়ে চার্জশিট দাখিল

bijoy71news
প্রকাশিত মে ২৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ডের সুপারিশ করে মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে চার্জশিটটি জমা দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম এই চার্জশিট জমা দেন। চার্জশিটে ১৬ আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত করার সুপারিশ করেছে মামলার তদন্ত সংস্থা পিবিআই।
গতকাল মঙ্গলবারই জানানো হয়েছিল আজ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে। ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, অভিযোগপত্রে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ সিরাজকে হুকুমের আসামি করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সময় জেলে থাকলেও তার নির্দেশনায়ই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বাকি আসামিরা হলেন-নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিল (২০)।
গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে তাকে মাদ্রাসার ছাদে ডেকে নেয় অধ্যক্ষর লোকজন।
এরপর তাকে মামলা তুলে নিতে চাপ দিলে সে অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা শেষে ১০ এপ্রিল মারা যায় নুসরাত।