• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সিন্ডিকেটের মাধ্যমে ধান কিনলে কঠোর ব্যবস্থা : মাশরাফি

bijoy71news
প্রকাশিত মে ২০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরেই গতকাল রোববার রাতে জেলা প্রশাসককে (ডিসি) ফোন করে তিনি এই নির্দেশ দেন।
জানা গেছে, দেশে ফিরে মাশরাফি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষক তার উৎপাদন খরচ পাচ্ছে না। সরকার যেখানে এক মণ ধান ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়।
বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে এমপি মাশরাফি ডিসি আনজুমান আরাকে ফোন করেন। সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা। তিনি বলেন, ‘আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’