বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে অভিনন্দন জানিয়েছেন নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়। তিনি নিজেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ বুধবার দুপুরের দিকে রুমিনকে অভিনন্দন জানিয়ে দৈনিক আমাদের সময়কে নিপুণ বলেন, ‘দল যাকে ভালো মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। আমরা যেহেতু সবাই একই দল করি, সেহেতু দলের সিদ্ধান্তও আমরা মানি।’
দলের সবার লক্ষ্য এক এবং অভিন্ন জানিয়ে নির্বাহী কমিটির এই সদস্য বলেন, ‘দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ভিত্তিহীন মামলায় আজ কারাগারে। এই অবস্থায় গণতন্ত্রের মাকে মুক্ত করা, সব ষড়যন্ত্র ভেঙে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার পরিবেশ সৃষ্টি করা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।’
প্রসঙ্গত, রুমিন ফারাহানা ছাড়াও সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ আরও বেশ কিছু নারী নেত্রীর নামও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হচ্ছিল। শেষ পর্যন্ত রুমিনকেই দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে চূড়ান্ত করার আগ পর্যন্ত মনোনয়ন দেওয়া নিয়ে বিপাকে পড়ে বিএনপি। কারণ দলের একটি অংশ রুমিনের পক্ষে, আরেকটি অংশ নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়ের পক্ষে অবস্থান নেন। এই অবস্থায় একটি অংশ বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের পক্ষে সুপারিশ করেন।