• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ইউরোপে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত মে ১৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, র‌্যাব-১ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
এর আগে গত ৯ মে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৯ বাংলাদেশির পরিচয় বুধবার প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের পরিচয় প্রকাশ করেন।
সে সময় মন্ত্রী বলেন, ‘মানবপাচারের এ ঘটনায় নোয়াখালীর তিন ভাই ও মাদারীপুরের দুজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’
তিনি জানান, নৌকাডুবি থেকে বেঁচে যাওয়া ১৪ বাংলাদেশি নাগরিকের সঙ্গে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কথা বলেছেন এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন।
দুটি নৌকায় থাকা মোট ১৫০ অভিবাসীর মধ্যে ১৩০ জন ছিলেন বাংলাদেশি। একটি নৌকা নিরাপদে ইতালি পৌঁছালেও আরেকটি নৌকা ৭০-৮০ জন যাত্রী নিয়ে সাগরে ডুবে যায়।
এসব বাংলাদেশিরা চার মাস আগে লিবিয়া যান। তারা দুবাই, শারজা ও আলেকজান্দ্রিয়া হয়ে ত্রিপলি পৌঁছান। মানবপাচারকারীরা ত্রিপলিতে তাদের ওপর নির্যাতন চালায় এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে।