• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা ভর করে আছে: হানিফ

bijoy71news
প্রকাশিত মে ৫, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপি ও তার দলের নেতাকর্মীদের মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা ভর করে আছে, তাই তারা বাংলাদেশের উন্নয়ন চায়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রোববার (৫ মে) সকালে সিলেট নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামীলীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
মাহবুবুল আলম হানিফ আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেন। তাই তারা বহু মুক্তিযোদ্ধা হত্যা, রাজাকারদের পুনর্বাসনের কাজ করছেন।
হানিফ আরো বলেন, “এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বার বারই আওয়ামী লীগের অবদানকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে একটি মহল। এবার আর সেই সুযোগ নেই। এবার আওয়ামী লীগকে অতিশক্তিশালী, অপ্রতিদ্বন্দ্বী করার কাজ শুরু করেছেন শেখ হাসিনা।”
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার কথা উল্লেখ করে হানিফ বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।” সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামীলীগ দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশের মানুষ টানা তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর তথা আওয়ামী লীগের আস্থা রেখেছে। এবার আওয়ামী লীগকে জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।”
তিনি বলেন, “আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের পূর্বে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন তথা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। তৃণমূল থেকে জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে।”
সম্মেলনে সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও এতে বিভাগের আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।