• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করছে : প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
দেশের গণমাধ্যম স্বাধীন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা (গণমাধ্যম) স্বাধীনভাবে মত প্রকাশ করছে।’ আজ রোববার নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈদেশিক ও কমনওয়েলথ অফিসের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সৌজন্য সাক্ষাৎ করলে এ কথা বলেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
যুক্তরাজ্য ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ব্রিটেনের সম্পর্ক চমৎকার।’ মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্য ও তার জনগণের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বঙ্গবন্ধুকন্যা।
ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এখানে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ সৃষ্টি করেছি আমরা।’
জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সমর্থন করায় যুক্তরাজ্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় নিজস্ব অর্থায়নে ফান্ড গঠন ও উপকূলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’
গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা জীবন গণতন্ত্র উদ্ধারে কাজ করে যাচ্ছি।’ এ সময় রোহিঙ্গাদের স্বার্থান্বেষী মহল খারাপ কাজে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পুননির্বাচিত হওয়া এবং টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান বৃটিশ মন্ত্রী। তিনি আওয়ামী লীগের বিজয়কে ‘বিগ ভিক্টরি’ হিসেবে উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশের বিপুল সম্ভবনা রয়েছে বলেও মন্তব্য করেন মার্ক ফিল্ড। পাশাপাশি দুই দেশের সম্পর্কটা দ্রুত আরো শক্তিশালী হচ্ছে বলেও মনে করেন তিনি।
সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।