• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

তারেকের স্থান কারাগারে, অথচ তিনি ব্রিটেনে: আইনমন্ত্রী

bijoy71news
প্রকাশিত মার্চ ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।
বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের আদালতের বিচারে তারেক রহমান দণ্ডিত আসামি। দুটি কারণে আমরা তাকে ফেরত চাওয়ার কথা বলেছি। তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে এবং দেশের আদালত তাকে শাস্তি দিয়েছে, তাই তার জায়গা হবে কারাগারে।
আনিসুল হক বলেন, যুক্তরাজ্য চায় না এই একটি কারণে (তারেক রহমানকে ফেরত পাঠাতে) বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষুণ্ন হোক। তাই আমরা ইস্যুটি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। তিনি বিষয়টি নিয়ে তাদের সরকারের সঙ্গে আলোচনা করবেন।
আলোচনার ফলে একটি ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন মন্ত্রী।
২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সে অনুসারে পরিকল্পনা তৈরি করছি।