• ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৩১ মার্চ থেকে ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলার তিন ফ্লাইট

bijoy71news
প্রকাশিত মার্চ ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ৩১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে মোট তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ মার্চ থেকে ঢাকা- সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যায় মোট তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।
গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে দুপুরের ফ্লাইটের সঙ্গে একটি সান্ধ্যকালীন ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা। ৩১ মার্চ থেকে দুপুর ও সন্ধ্যার ফ্লাইটের সঙ্গে অতিরিক্ত সকাল বেলা একটি ফ্লাইট পরিচালিত হবে।
ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সকাল ৭টা, দুপুর ১২টা ৩৫ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার উড়োজাহাজ। অপরদিকে সিলেট থেকে সকাল ৮ টা ১০ মিনিট, দুপুর ১টা ৪৫ মিনিট ও রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে উড়োজাহাজ।
সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে এটিআর ৭২-৬০০ মডেলের ব্র্যান্ড নিউ একটি এয়ারক্রাফট।
এখন থেকে ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ ৮-কিউ ৪০০ সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সিলেট রুটে ফ্লাইট পরিচালিত হবে।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, প্রথম বারের মতো বাংলাদেশে ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী সাধারণের সুবিধার্থে সকালে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এতে ট্রাভেল এজেন্টসসহ সিলেটবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বর্তমানে ঢাকা-সিলেট রুট ছাড়াও দেশের অভ্যন্তরে সব রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস-বাংলা। অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।