নিজস্ব প্রতিবেদক :
উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাটে চেয়ারম্যান পদে মোস্তাক আহমদ পলাশকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃবৃন্দ। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিকে বেগবান করতে কানাইঘাট উপজেলায় মোস্তাক আহমদ পলাশের বিকল্প নেই।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩০ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গোপন ভোটে প্রার্থী নির্বাচনের দাবি তুলেন স্থানীয় নেতাকর্মীরা। ওইদিন জেলা সভাপতি লুৎফুর রহমানসহ জেলার নেতৃবৃন্দ তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থীতা ঘোষণা করা হবে আশ্বাস দেন। এই আশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে আমাদের সমর্থন মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে চাই।
লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ আহমদ বলেন, ভৌগলিকভাবে কানাইঘাট অন্য উপজেলার থেকে অবহেলিত। জাতীয় নির্বাচনের পরপরই অনেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইছেন। কিন্ত উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতে মোস্তাক আহমদ পলাশ অনেকদিন ধরেই তার মেধা, শ্রম, ত্যাগের বিনিময়ে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তাকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ দলীয় প্রধানকে উপহার দিতে মোস্তাক আহমদ পলাশকে দল থেকে মনোনয়ন দেওয়ার দাবি তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, জনতার সমর্থনকে গুরুত্ব দিন। পলাশের হাতেই উন্নয়নের প্রতীক নৌকা দেখতে চায় এলাকাবাসী। নৌকা ভাসিয়ে কানাইঘাটকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক নজমুল ইসলাম হারুন, সদর ইউপি সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, দলের বড় চতুল ইউনিয়ন সভাপতি মোবাশ্বের আলী চাচাই, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল, ১নং ইউপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাতবাঁক ইউপি সভাপতি হাজি মখদ্দুছ আলী, উপজেলা আ‘লীগের সদস্য হোসেন আহমদ ও শামীম আহমদ, ২নং লক্ষিপ্রসাদ ইউপির আহবায়ক ফখর উদ্দিন, সদস্য আব্দুল লতিফ, শাহাব উদ্দিন প্রমুখ।