• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

উপজেলা নির্বাচন: শ্রীমঙ্গলে নৌকা প্রতীক পেতে দৌড়ঝাঁপ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শ্রীমঙ্গল উপজেলায় মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। নৌকা প্রতীক পেতে তাঁরা স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। একইসঙ্গে বিভিন্ন কৌশলে এলাকায় প্রচারণাও শুরু করেছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, এবারও দলীয় মনোনয়নে প্রার্থী হতে চান বর্তমান চেয়ারম্যান রনধীর কুমার দেব। গত সংসদ নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন চেয়েছিলেন তিনি, উপজেলা চেয়ারম্যানদেরকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন না দেয়ার নীতিগত সিদ্ধান্তের কারণে এবং মো. আব্দুস শহীদের উপর মনোনয়নবোর্ড পুনরায় আস্থা রাখলে মনোনয়ন প্রাপ্তি থেকে ছিটকে পড়েন তিনি। ফে এবারও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন রনধীর। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মন্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, শ্রীমঙ্গল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ফয়েজ, শ্রীমঙ্গল সদর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আফজল হক মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে রয়েছেন। শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়ের নামও মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে।
এ ব্যাপারে ভানু লাল রায় জানান, এখন পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়ে তাঁর কোন ভাবনা নেই। তবে, বর্তমান উপজেলা চেয়ারম্যান যদি কোন কারণে আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে তিনি নির্বাচনে আসতে পারেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং তাঁর ব্যাপক জনসমর্থন রয়েছে বলে জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মান্নান বলেন, আমি উপজেলা চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।
এদিকে, মহাজোট জোটগতভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত নিলে জাতীয় পার্টির নেতা মো. কামাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
তবে, উপজেলা চেয়ারম্যান নাকি ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এ বিষয়টি প্রকাশ করতে চাননি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর হেলেনা চৌধুরী, পাশাপাশি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের শ্রীমঙ্গল থানা কমিটির সহ-সভানেত্রী হাজেরা খাতুন ও মিতালী দত্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন।
এছাড়া, উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্বরত সাগর হাজরা আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ নেতা তহিরুল ইসলাম মিলনও মনোনয়ন চাইতে পারেন। আরেক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম এ রহিম নোমানী কোন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানান।
আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিতে তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরকৃত একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি তালিকা আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী আগামী ২৬ জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গলে নির্বাচন সংক্রান্ত একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অপরদিকে, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক নেতা মো. ইয়াকুব আলী বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানান, ‘কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোন নির্দেশনা এখনও আসেনি, এ সংক্রান্ত কোন নির্দেশনা আসলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত, স্থানীয় বিএনপির নির্বাচন নিয়ে কোন প্রস্তুতি বা ভাবনা নেই।’