বি৭১নি ডেস্ক :
স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় পরিচালকের কার্যালয়ে কর্মরত দুর্নীতিবাজ ও প্রভাবশালী ২৩ জন কর্মকর্তা-কর্মচারীকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে চিঠি দিয়েছে দুদক।
দুদকের সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ বিভিন্ন কার্যালয়ে কর্মরত কতিপয় দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন যাবত একই কর্মস্থলে থেকে দুর্নীতির শক্তিশালী বলয় গড়ে তুলেছে। যা স্বাস্থ্য অধিদপ্তরের সুশাসনকে ক্ষতিগ্রস্ত করছে। এসব কর্মকর্তা-কর্মচারী ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন মর্মে জানা গেছে। দুদকে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে অনেক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ আমাদের গোয়েন্দা ইউনিট কর্তৃক অনুসন্ধান পর্যায়ে রয়েছে।’
দুদকের ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘এসব কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধকল্পে বর্তমান কর্মস্থল থেকে জরুরিভিত্তিতে অন্যত্র বদলীর ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে কমিশন মনে করে। এই বিষয়ে গৃহীত ব্যবস্থা দুদককে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
দুদকের ওই চিঠিতে যাদের নাম রয়েছে-পরিচালক (স্বাস্থ্য) ঢাকা কার্যালয়ের সহকারী প্রধান রায়হান আলী, প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক হাসান, প্রধান সহকারী মো. আশরাফুল ইসলাম ও মো. সাজেদুল করিম, উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমান ও মো. সাইফুল ইসলাম। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী মো. ফয়জুর রহমান, প্রধান সহকারী মো. মাহফুজুল হক ও স্টেনোটাইপিষ্ট কাম-কম্পিউটার অপারেটর।
এ ছাড়া পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক মো. আব্দুল কুদ্দুস। পরিচালক (স্বাস্থ্য) সিলেট কার্যালয়ের প্রধান সহকারী মো. নূরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. গোস আহমেদ ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. নেছার আহমেদ চৌধুরী।