• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে চেয়ারম্যান কালামকে অব্যাহতি, হাবিব বিএনপির ‘কেউ নন’

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য, কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসাথে সদ্য আওয়ামী লীগের যোগদানকারী বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন দলের ‘কেউ নন’ বলেও জানিয়েছে সিলেট জেলা বিএনপি।
আজ সোমবার বিকেলে জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট ফখরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে এসব দলীয় ফোরামে সিদ্ধান্ত কাল রবিবার নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
আবুল কালামকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা এবং দলের আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার’ জেলা বিএনপির উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়ার কথা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদানকারী বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন সম্প্রতি আওয়ামী লীগের সভায় নিজেকে জেলা বিএনপির উপদেষ্টা পরিচয় দেয়ায় এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে উল্লেখ করা হয়,‘ হাবিব চেয়ারম্যান ১৫/২০ বছর আগে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি দলীয় কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিলেন। ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও তাকে দলীয় কোন নেতৃত্ব, স্থানীয় পদের দায়িত্ব দেয়া হয় নি।’ দলীয় পদ নিয়ে ‘বিভ্রান্তি ছড়ানো’ থেকে বিরত থাকার জন্য ‘আদর্শ ত্যাগকারী’ হাবিব চেয়ারম্যানের প্রতি আহ্বান জানানো হয়।