• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিদায় বেলা বিমানবন্দরে মুহিতের পাশে সকলেই

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
মন্ত্রীত্ব ছাড়ার পর গত শুক্রবারই প্রথম সিলেটে আসেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিপিএল-এ নিজের দল সিলেট সিক্সার্সের খেলা দেখতে দুদিনের সফরে এসেছিলেন তিনি।
কিন্তু শুক্রবার তিনি আসার সময় তাকে রিসিভ করতে যাননি সিলেটের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী। পরিবারের লোকজন তাকে রিসিভ করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় ঝড়। অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন।
তবে, আবুল মাল আব্দুল মুহিতের সিলেটের আসার বিষয়টি জানা না থাকায় কেউ রিসিভ করতে যাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। এদিন রাতেই বাসায় তাঁর সাথে সাক্ষাৎ করেছেন দলের নেতৃবৃন্দ।
আর শনিবার রাতে যখন আবুল মাল আব্দুল মুহিত ঢাকায় ফিরবেন তখন বিমানবন্দরে সকলেই উপস্থিত হন তাকে বিদায় জানাতে। জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে কজন নেতা সিলেটে ছিলেন সকলেই বিমানবন্দরে গেছেন তাঁকে বিদায় জানাতে। ছিলেন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী প্রমুখ।