• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে ফের গণধর্ষণের অভিযোগ, যুবলীগ নেতা আটক

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ফের জেলার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) গভীর রাতে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামে এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় শনিবার (১৯ জানুয়ারি) জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক জাকির উপজেলার জিয়ানগর বাজারের মুদি ব্যবসায়ী ও স্থানীয় যুবলীগের নেতা বলে জানিয়েছেন ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোনাফ।
তিনি বলেন, শুক্রবার গভীর রাতে ৫-৬জন সিঁধ কেটে ঘরে ঢুকে তিন সন্তানসহ ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় তার ঘরে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নেওয়া হয়। পরে ওই নারীকে ৪ জন পালাক্রমে ধর্ষণ করে। এ সময় জাকিরকে চিনতে পারেন ওই নারী।
চেয়ারম্যান আরো বলেন, নির্যাতিতা ওই নারীর স্বামী বর্তমানে জেলে। এই সুযোগে এই ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানান, দুপুর ১২টার দিকে তারা প্রথমে ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। পরে ১টার দিকে ওই নারী থানায় এসে জাকিরসহ ৪-৫জনকে আসামি করে মামলা করেন। মামলার পর শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান জানান, আটক জাকিরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।