• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মন্ত্রীত্ব হারিয়ে যা বললেন নাহিদ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৯

সিলেট :
মন্ত্রিসভার নতুন সদস্যদের নিত্যনতুন দৃষ্টিভঙ্গি ও বাস্তবিক চিন্তাভাবনা উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেছেন, যোগ্য হলেও কোথাও আজীবন দায়িত্ব পালন করা যায় না। আমি ১০ বছর দায়িত্বে ছিলাম। নতুনদের জায়গা দিতে আমাদের সরতে হয়েছে। এটাই জগতের নিয়ম এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে। তবে আমি মন্ত্রী হইনি বলে আপনারা বিচলিত হবেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেষ কর্মদিবসে বিদায়ী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রণালয়ের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় কর্মকর্তাদের অবদান রাখার আহ্বান জানান নাহিদ।
নাহিদ বলেন, পুরনোরা না সরলে নতুনদের কিভাবে জায়গা হবে? আমরা তো এমপি হিসেবে সংসদে আছি, দলেরও দায়িত্বে আছি। নতুনরা এগিয়ে যেতে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
দেশ জাতি ও শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে যোগ্য ও তারুণ্যনির্ভর মন্ত্রিসভা গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিদায়ী এই শিক্ষামন্ত্রী।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ সিলেট-৬ আসনে টানা তিনবারসহ চারবারের সংসদ সদস্য। এছাড়া টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।