বি৭১নি ডেস্ক :
গুঞ্জন উঠেছে বিএনপি সংসদে না গেলে গণফোরামের দুইজন বিজয়ী সংসদে যেতে চান। তারা হলেন, সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান ও মৌলভীবাজার-২ আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর।
এ বিষয়ে ড. কামাল হোসেন বলেছেন, ‘এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। শনিবার দলীয় মিটিং আছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে গণফোরাম সূত্রে জানা গেছে, জানা গেছে, সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান সুলতান মনসুর ও মোকাব্বির খান। তাদের মতে সংসদের বাইরে শুধু নয় সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন।
সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কি না- জানতে চাইলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর বলেন, ‘ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। ওয়েট… ওয়েট… ওয়েট…। দেখতে পাবেন।’
জানা গেছে, শপথ নেওয়ার চাপ রয়েছে সুলতান মনসুরের উপর। কুলাউড়া উপজেলা গণফোরামের আহ্বায়ক মতাহির আলম চৌধুরী বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সুলতান মনসুরের এমপি হিসেবে শপথ নেওয়া উচিত। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে মামলা-মোকদ্দমা নিয়ে মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। তাদের আমানত রক্ষার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধির। এমপি হিসেবে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্ব তার ওপর।
তার নির্বাচনী এলাকার মানুষ কী চাচ্ছেন- জানতে চাইলে সুলতান মনসুর বলেন, ‘এলাকার মানুষের মতামত অগ্রাহ্য করা হবে না।’