নিজস্ব প্রতিবেদক :
প্রবাসী অধ্যুষিত সিলেট জেলায় সংসদীয় আসন ৬টি। এরমধ্যে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ৫টিতে এবং ১টিতে বিজয়ী হয়েছেন গণফোরামের প্রার্থী। তবে নির্বাচিত ৬ সংসদ সদস্যদের মধ্যে একমাত্র প্রবাসী গণফোরাম থেকে সিলেট-২ আসনের মোকাব্বির খান।
বিগত সংসদ নির্বাচনগুলো থেকে দেখা গেছে প্রতিবারই সিলেট থেকে এক বা একাধিক প্রবাসী সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে সিলেট থেকে ছিলেন ইয়াহইয়া চৌধুরী এবং সেলিম উদ্দিন। নবম সংসদে ছিলেন সিলেট-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
কিন্তু এবারের নির্বাচনে প্রবাসী মোকাব্বির খান বিজয়ী হলেও তাঁর সপথ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাঁর দল গণফোরামের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। ফলে সিলেটে আলোচনায় উঠেছে সংসদে প্রবাসী প্রতিনিধি থাকার বিষয়টি।
এবারের নির্বাচনে এই ৬টি আসনে বিভিন্ন দলের মনোনয়ন চেয়েছিলেন ডজনখানেক প্রবাসী। তবে নির্বাচনে অংশ নেন কয়েকজন। তাদের মধ্যে একমাত্র বিজয়ী মোকাব্বির খান।