• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জামানত হারিয়েছেন শমসের মবিন চৌধুরী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ৩জন প্রার্থীর জামানতের টাকা বাজেয়াপ্ত হয়েছে। এ আসন থেকে সাংসদ পদে জন ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে যে ৩জন প্রার্থী তারা হলেন- বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী শমসের মবিন চৌধুরী (কুলা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আজমল হোসাইন (হাতপাখা প্রতীক) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু (মোটরগাড়ি প্রতীক)।
স্থানীয় নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী একটি আসনে কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পান তাহলে তিনি জামানত হারাবেন। এবার মনোনয়ন ফরমের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ২০ হাজার টাকা করে জমা দিতে হয়েছে। তারা কেউই জামানতের এ টাকা ফেরত পাবেন না।
এ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী শমসের মবিন চৌধুরী (কুলা প্রতীক) পেয়েছেন ৮০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আজমল হোসাইন (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১০৪৬ ভোট এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু (মোটরগাড়ি প্রতীক) পেয়েছেন ৮৪৫ ভোট।
উল্লেখ্য, সিলেট-৬ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন ৫জন প্রার্থী। তারা হচ্ছেন- আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আজমল হোসাইন (হাতপাখা) ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু (মোটরগাড়ি)। এছাড়াও এ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী শমসের মবিন চৌধুরী (কুলা) গত ১৯ ডিসেম্বর মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।
এবারের নির্বাচনে এ আসনের মোট ভোটার ৩লাখ ৯৩ হাজার ১’শ ১৫জন। এর মধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ২২ হাজার ৫’শ জন ভোটার এবং বিয়ানীবাজার উপজেলায় ১ লাখ ৭০ হাজার ৬’শ ১৫ জন ভোটার।
সিলেট-৬ আসনে দুই উপজেলার ১৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এ আসনে ৮৭ হাজার ৯২৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নুরুল ইসলাম নাহিদ (নৌকা) পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট’র প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৯টি ভোট।