নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের ভোট কেন্দ্রগুলোতে নানা অনিয়ম, জালভোটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সিলেট-১ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার বিকাল ৩টার দিকে প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তাদির বলেন, সিলেট-১ আসনের প্রায় প্রত্যেকটি কেন্দ্রে জালভোট, অনিয়ম, বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিজে ব্যালট বই নিয়ে নৌকায় সিল মারার মত ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে বার বার রিটার্ণিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোন লাভ হয়নি বলে জানান মুক্তাদির।
তিনি সিলেট-১ আসনের ৩৭টি কেন্দ্রের নাম উল্লেখ করে বলেন- ‘এসব কেন্দ্রে বেলা ১২টার পর থেকে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। সাধারণ ভোটাররা ভোট দিতে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কেন্দ্রে রাতের বেলা ব্যালটে সিল মেরে বাক্সে ভরে রাখা হয়েছে।’
এত অভিযোগের পরও নির্বাচনে আছেন উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন- নির্বাচন থেকে সরে গেলে আওয়ামী লীগ আরো সুযোগ পাবে। তাই নির্বাচনে আমরা আছি।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে বলেন- দেশের এত মেধাবী লোকেরা আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা সত্তেও এধরনের ঘটনা খুবই দু:খজনক। এসময় কয়েকটি কেন্দ্রে জালভোটের ভিডিও প্রদর্শন করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদ চৌধুরী প্রমুখ।