নিজস্ব প্রতিবেদক :
ছাতকের চরমহল্লা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। কেন্দ্রটিতে ভোটগ্রহন স্থগিত রয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটারদের লাইন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিএনপির লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হাসনাত ভোট দিতে এলে ভোটার লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।
হামলায় মারাত্মক আহত হন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী। অপরপক্ষে বিএনপি নেতা আবুল হাসনাতও আহত হন।
তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পরপরই কেন্দ্রটিতে ভোটগ্রহন স্থগিত করেন প্রিসাইডিং অফিসার।
দুপুর সোয়া ২টা পর্যন্ত ভোটগ্রহন শুরু হয়নি বলে জানা গেছে।