• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে নির্বাচনী সহিংসতায় আ’লীগ কর্মী খুন

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ও নির্বাচনী আলোচনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীর আঘাতে সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশায় সাইফুল ইসলাম (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মহিষপুর গ্রামের সোনার মিয়া তালুকদারে ছেলে। ওইদিন দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের জায়েদ আলীর ছেলে মিষ্টার মিয়া (৩৫) ও মিষ্টার মিয়ার স্ত্রী রোজিনাকে আটক করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম বলেন, ‘ দায়ের হাতলের আঘাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিষ্টার মিয়া ও তার স্ত্রী রোজিনাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহিষপুর গ্রামের সাইফুল ইসলাম গত কয়েকদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। নিজ গ্রামে তার একটি চায়ের দোকান রয়েছে। একই গ্রামের বিএনপি সমর্থক মিষ্টার মিয়ার সাথে সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহসহ বিভিন্ন শত্রুতার জের রয়েছে। বিএনপি সমর্থনকারী মিষ্টার মিয়া শনিবার সকাল ৮টার দিকে সাইফুল ইসলামের চায়ের দোকানে আসে। এ সময় সাইফুল ইসলাম ও মিষ্টার মিয়া নির্বাচনী আলোচনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মিষ্টার মিয়ার আঘাতে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। আহতাবস্থায় সাইফুল ইসলামকে জয়শ্রী বাজারে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
তবে আটক অভিযুক্ত মিষ্টার মিয়া পুলিশের কাছে দাবি করেছেন, নির্বাচনী আলোচনাকে কেন্দ্র সাইফুলের দোকানে এ ঘটনা ঘটেনি। পারিবারিক কলহের জের ধরে সাইফুলের সাথে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়েছিল এবং সাইফুল দোকানে যাওয়ার পরে তার (সাইফুল) স্ট্রোক হয়েছে। আর এ কারণেই সাইফুলের মৃত্যু হয়েছে।
এদিকে জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন,‘ নিহত সাইফুল ইসলাম চায়ের দোকানদার। তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন ও অভিযুক্ত মিষ্টার মিয়া বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।