• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে এজেন্ট নিয়োগে কৌশলী বিএনপি

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের পাঁচটি আসনে আওয়ামী লীগের ভোটকেন্দ্রের এজেন্টদের নাম প্রকাশ করা হলেও বিএনপির এজেন্ট কারা হবেন তা প্রকাশ করছেন না দলের নেতাকর্মীরা। আজ রোববার সকালে ভোট শুরুর আগ পর্যন্ত ধানের শীষের এজেন্টের নাম গোপন রাখার কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপি জোটের প্রার্থীরা পাঁচ আসনের ৬৬৮ কেন্দ্রে তিন হাজার ২৭৪ বুথের জন্য এজেন্ট নির্ধারণ করে রাখেন। কিন্তু পুলিশি হয়রানির ভয়ে তাদের নাম প্রকাশ করছেন না দায়িত্বশীলরা। প্রার্থী এবং তাদের ঘনিষ্ঠজন ছাড়া এজেন্ট নিয়োগের বিষয়টি দলের অন্য নেতারাও জানেন না।
জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মুনসুর শওকত বলেন, প্রতিমুহূর্তেই হয়রানির শিকার হচ্ছেন আমাদের নেতাকর্মী-সমর্থকরা, এ অবস্থায় এজেন্টদের নাম প্রকাশ হলে এরা গ্রেফতার হতে পারেন। সকালে কেন্দ্রে উপস্থিত হয়ে এজেন্টদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর) আসনে বিএনপি প্রার্থী নজির হোসেন বলেন, প্রিসাইডিং অফিসারের হাতে কাগজ দেওয়ার আগে কেউ বুঝতেই পারবে না, আমার এজেন্ট কারা হচ্ছেন।
এ আসনের সরকারদলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রিসাইডিং অফিসার কেন্দ্রে পৌঁছার সঙ্গে সঙ্গেই আমার এজেন্টের নাম ও ছবি দিয়ে দেব। শনিবার রাত অথবা ভোটের দিন সকালে এজেন্টদের তালিকা প্রিসাইডিং অফিসারকে দেওয়া হবে। বিজয়ের মাসে আমরা হারব না। মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনও বিশ্বাসঘাতকতা করে না। সুতরাং এজেন্টদের নাম সবাই জানলেও কিছু যায়-আসে না।’