নিজস্ব প্রতিবেদক :
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে ২১৫টি ভোটকেন্দ্রের ১০৭৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট উৎসবের জন্য যেমন ভোটাররা অপেক্ষা করছেন তেমনি প্রার্থীরাও আছেন অপেক্ষায়।
সিলেট-১ আসনে প্রার্থী রয়েছেন ১০ জন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল (মই), জাতীয় পার্টির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী উজ্জল রায় (কোদাল) ইসলামী ঐক্যজোটের মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশ মুসলিম লীগের আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বট গাছ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাত পাখা)।
সংশ্লিষ্ট প্রার্থীদের মিডিয়া সেলের দায়িত্বশীলরা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মোমেন ভোট দিবেন নগরীর বন্দর বাজারস্থ নগরীর দূর্গাকুমার পাঠশালায় এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভোট দিবেন সিলেট সার্কিট হাউজের পার্শ্ববর্তী সারদা হল কেন্দ্রে।
বাসদ (মার্কসবাদী) মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী উজ্জল রায় ভোট দিবেন নগরীর টিলাগড়স্থ মুরারিচাঁদ (এমসি) কলেজ কেন্দ্রে ও মই প্রতীক নিয়ে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল তার ভোট প্রদান করবেন সুবিদ বাজারস্থ প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট (পিটিয়াই) কেন্দ্রে।
জানা যায়, সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২ শত ৬৯ জন পুরুষ এবং ২ লাখ ৫৭ হাজার ৫ শত ৭৫ জন নারী ভোটার।
এদিকে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম জানান ইতিমধ্যে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।