• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীরব সিলেট শহর

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
দুপুর গড়িয়ে সন্ধ্যা। সিলেট নগরীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার কীন ব্রীজ মোড়। দুমুখো সড়কের দুই পাশই প্রায়ই ফাঁকা। বড্ড বেমানান লাগছে যেনো আজ। নিত্য ব্যস্ত এই মোড়টি সাধারণত পেরোতে যে সময় নষ্ট হয়, সেখানে শুধু দু-একটি ব্যাটারিচালিত রিকশা দাপিয়ে বেড়াচ্ছে। আর মাঝেমধ্যে হাতে গোনা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা চলছে। সুরমা পয়েন্টের একপাশে কয়েকটি অটোরিকশা রয়েছে যাত্রীর অপেক্ষায়।
আজ শনিবার জাতীয় নির্বাচনের একদিন আগে সিলেট নগরীর ফাঁকা রাস্তাঘাটের এ দৃশ্য দেখা যায়। সিলেট নগরী এখন নিরাপত্তার চাদরে মোড়া। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে র‌্যাব-পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। একটু পরপরই দ্রুত চলে যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি।
এদিকে সারাদেশের ন্যায় অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় সিলেট। কারা পাচ্ছে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব? ক্ষমতাসীন মহাজোট, নাকি তাদের প্রধান প্রতিপক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট? এ প্রশ্নের নিষ্পত্তি করতে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সবাই অপেক্ষায় সেই ভোট উত্সবের। জাতীয় সংসদের ২৯৯টি আসনে কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে তত্পর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্বাচনী প্রচারণায় কিছু বিক্ষিপ্ত সহিংসতা হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে কমিশন। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
ভোটগ্রহণ উপলক্ষে কাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ব্যাংকও বন্ধ রাখা হয়েছে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মোবাইল ব্যাংকিং বন্ধ হয়েছে শুক্রবার বিকাল ৫টা থেকে, এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি। জনগণের ভোগান্তি কমাতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীর বাইরে কোনো যান চলাচল করবে না।