• ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের ভোটের মাঠে ৪ স্তরের নিরাপত্তা বলয়

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জকেও নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তা বিধানে ইতোমধ্যে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশের আড়াই হাজার সদস্য। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নাশকতা এড়াতে প্রস্তুত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার ৫টি আসনে নিরাপত্তা বিধানে কাজ করবে প্রায় দেড় হাজারের উপরে পুলিশ সদস্য। প্রতি সেন্টারে ১ জন পুলিশ সদস্যের পাশাপাশি কাজ করবে ১৪ জন আনসার সদস্য। প্রতি ৩ সেন্টারে ১টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী থাকবে পুলিশের ডিবি, এপিবিএন, এসবি, সিআইডি সদস্যরা। এছাড়াও পুলিশকে সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। গুরুত্বপূর্ণ সেন্টার ও দুর্গম এলাকায় বাড়তি নজরদারী থাকবে পুলিশের।
র‌্যাব ব্যাটেলিয়ান-৯ সূত্রে জানা যায়, পুলিশের পাশাপাশি নিরাপত্তা বলয়ে কাজ করবে ১শ এর উপরে র‌্যাব সদস্য। প্রতি উপজেলায় ২টি গাড়ীতে সার্বক্ষণিক কাজ করবে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ও টহল টিম । এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে বিশেষ চেক পোস্ট।
বিজিবি-২৮ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে মাঠে রয়েছে ১৬ প্লাটুনে প্রায় ৪শত বিজিবি সদস্য। নির্বাচনের দিন ৪৫টি গ্রæপে ভাগ হয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়াও বাড়তি নিরাপত্তা দিতে মাঠে সার্বক্ষণিক কাজ করছে সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক বলেন, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোন নাশকতা রুখতে প্রস্তুত পুলিশ।