নিজস্ব প্রতিবেদক :
নগরীর হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ শেষে নিজ গন্তব্যে রওয়ানা হওয়ার সময় রাস্তা থেকে ৭জন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিলেট-১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহস্পতিবার সকালে সিলেটভিউকে বিএনপি প্রার্থী বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার জনসমাগম দেখলেই আঁতকে উঠছে। কারণ তাদের পায়ের নীচের শেষ মাটিটুকুও আর অবশিষ্ট নেই।
তিনি বলেন, ক্ষমতার দম্ভে আওয়ামী সরকার পুলিশকে লেলিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে। এবারে তারা আর জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। বর্তমান স্বৈরাচারী শাসকদের পতন ঘটাতে জনগণ এখন আরও বেশী ঐক্যবদ্ধ।
গণসংযোগকে কেন্দ্র করে সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি নেতাকর্মীদের নাম তাৎক্ষনিক পাওয়া যায় নাই।
সিলেট এয়ারর্পোট থানার ওসি মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিক ভাবে তিনি গ্রেফতারকৃতদের নাম বলতে পারেনি।