• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে বিএনপি প্রার্থী নজিরের নির্বাচনী জনসভা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজির হোসেনের ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়।
জনসভায় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ধানের শীষের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
জনসভায় বিএনপি প্রার্থী নজির হোসেন বলেন, ‘চরম হামলা মামলা থাকার পরও গণতন্ত্রকে মুক্ত করতে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে নৌকার ভরাডুবি হবে।’
তিনি দাবি করেন, ‘বিএনপি ক্ষমতায় থাকলে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ-১ আসনের উন্নয়ন হয়, আর আওয়ামী লীগ থাকলে হয় লুটপাট। তাই জনগনের দুয়ারে ভোট চাইতে যেত ভয় পান আওয়ামী লীগের প্রার্থী। তাই অত্যাচার নির্যাতন আর গণগ্রেফতারের পথ বেছে নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তাহিপুরের সকল রাস্তাঘাটের উন্নয়ন, বেশিরভাগ স্কুল-কলেজ বিএনপির আমলে স্থাপিত হয়েছে।’ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপি নেতা জুনাব আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহমদ মুরাদ প্রমুখ।