শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার সন্ধ্যায় বিএনপির পুর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনিত প্রার্থী মুজিবুর রহমান। এসময় পুলিশ এসে চারজনকে আটক করেছেও বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, আজ উপজেলার ভূনবীর ইউনিয়নের সাঁতগাও বাজারে পুর্ব নির্ধারিত সমাবেশ ছিলো। এই সমাবেশ সম্পর্কে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানাকে জানিয়েছিলাম। সন্ধ্যায় নির্বাচনী সভা শুরুর পাঁচ মিনিট আগে পুলিশ সভাস্থলে এসে জনগনকে আতংকিত করার জন্য আমার চার কর্মী সাইফুল আসলাম, টিপু মিয়া, আব্দুল জব্বার, আব্দুল মুমিন আটক করে ও একজনকে গুলি করে। ভাগ্যক্রমে গুলিটি তার গায়ে লাগেনি। তবে সে সামান্য আহত হয়েছে।
তিনি আরো বলেন নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই আমার আমার নির্বাচনী এলাকাজুড়ে চলছে পুলিশি হয়রানী। দায়িত্বশীল নেতাকর্মী এমনকি সমর্থকদের বাসাবাড়িতেও চলছে পুলিশি তল্লাশি, হুমকি-ধামকি। যাকে সামনে পাচ্ছে তাকেই আটক করছে। আমার সকল নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ ভোটাররাও চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।
শ্রীমঙ্গল ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, আমরা গুলি চালাইনি বা কাউকে আটকও করিনি। এরকম কোন ঘটনা সম্পর্কে আমার জানা নেই।