• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে ‘বিএনপির হামলায়’ ম্যাজিস্ট্রেট আহত

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের হামলায় তারা আহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। তবে বিএনপি নেতারা বলছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ধাওয়া দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী। সভার কারণে বাজারের সড়ক বন্ধ হওয়ার উপক্রম দেখে ম্যাজিস্ট্রেট সুমন্ত সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। তখন পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একটি ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়, তিন পুলিশ সদস্যও সামান্য আহত হন।
এসময় সুমন্ত ব্যানার্জী পার্শ্ববর্তী একটি দোকানে এবং সাথে থাকা তিন পুলিশ সদস্য আরেকটি দোকানে অবস্থান নেন। ওই দোকান দুটিতেও বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়েন বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, এসিল্যান্ড সুমন্ত ব্যানার্জী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে আছেন।’
পৌর বিএনপির সাবেক সভাপতি ছালিক আহমদ চৌধুরী বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ধাওয়া করেন।’
এদিকে ‘দোকানপাটে ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের’ অনতিবিলম্বে গ্রেফতার ও সরকারি কাজে থাকা কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, যুবলীগ নেতা সেলিম উদ্দিন, অলিউর রহমান, জুবের আহমদ মনিরুল হক পিনু, আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিন, আব্দুল মান্নান কয়েছ, আবু নাসের খান জামাল, যুবলীগ নেতা মো.আবদুল্লাহ, তাহমিদ ইসলাম, শাহ সেলিম, সাবেক ছাত্রনেতা তপন কান্তি দে, ছাত্রলীগ নেতা উসমান গনি, আশরাফ আহমদ, হক মো. সোপান, জেবুল আহমদ, মনসুর আহমদ, ফাহাদ, আরাফাত হক, আবু তাহের।