সিলেট :
সিলেট-১ (সিলেট সদর ও মহানগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুর মুক্তাদিরের পত্নী জাকিয়া ইয়াসমিনের গণসংযোগে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। সিলেট নগরীর খোজারখলা ও টুলটিকরে জাকিয়া ইয়াসমিনের গণসংযোগস্থল থেকে ৫ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এছাড়া, কুয়ারপাড় ইঙ্গুলাল রোড এলাকায় পূর্ব নির্ধারিত একটি নির্বাচনী মহিলা সমাবেশ পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অধ্যাপিকা সামিয়া চৌধুরী অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের সমর্থনে খন্দকার আব্দুল মুক্তাদির পত্নীসহ সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও মহিলা সমাবেশ করছেন। কিন্তু, মঙ্গলবার দিনভল বিভিন্ন স্থানে এই মহিলা প্রতিনিধি দলের গণসংযোগে পুলিশ কর্তৃক বাধা দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর ২৫ নং ওয়ার্ডের বরইকান্দিতে গণসংযোগ থেকে ফেরার পথে খোজারখলা রোডে আগে থেকেই অবস্থান নেয়া দক্ষিণ সুরমা থানা পুলিশ ৩ যুবদল কর্মীকে আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন- ২৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি, স্থানীয় খোজারখলার বাসিন্দা বদরুল আলম, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা, স্থানীয় পাঠানপাড়ার বাসিন্দা আব্দুল কাদির এবং একই ওয়ার্ডের আলমপুরের বাসিন্দা কুটি মিয়া।
একইভাবে মঙ্গলবার দুপুরের পর মহিলা প্রতিনিধি দলটি নগরীর টুলটিকর এলাকায় গণসংযোগে গেলে সেখানে আগে থেকেই অবস্থানরত পুলিশের একটি দল মাহফুজ ও আলম নামের বিএনপির ২ কর্মীকে আটক করে নিয়ে যায়।
সন্ধ্যার পর প্রতিনিধি দলটি কুয়ারপাড় এলাকায় ইঙ্গুলাল রোডে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী রাহেলা জেরিন কাননের বাসায় ধানের শীষের সমর্থনে একটি মহিলা সমাবেশে গেলে সেখানে সাদা পোশাকে এক দল পুলিশ অভিযান চালায়। তারা মহিলা দল নেত্রী রাহেলা জেরিন ও তার পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ও সমাবেশ না করার হুমকি দিয়ে চলে আসে।
মহিলা দল নেত্রী সামিয়া চৌধুরী জানান, ধানের শীষ প্রতীকের সমর্থনে মহিলা দলের নেতৃবৃন্দ মঙ্গলবার দিনভর ২৫ নং ওয়ার্ডের বরইকান্দি ও খোজারখলা, ২৬ নং ওয়ার্ডের ঝালোপাড়া এবং ২৭ নং ওয়ার্ডের শিববাড়ি, পাঠানপাড়া, পৈত্যপাড়া ও কিষণপুর এলাকায় গণসংযোগ ও মহিলা সমাবেশে অংশ নেন।
এতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পত্নী জাকিয়া ইয়াসমিন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি অধ্যাপিকা সামিয়া চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার সভানেত্রী জাহানারা ইয়াসমিন, সেক্রেটারি নিগার সুলতানা ডেইজী, মহিলা দল নেত্রী মালেকা খন্দকার, ফাতেমা দেওয়ান রোজী, সাফিয়া খাতুন মনি, রেহানা ফারুক শিরিন, তানিয়া আক্তার প্রমুখ।