কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা পয়েন্টে অবস্থিত নৌকার নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নজরুল ইসলাম লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার তাকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে কানাইঘাট সদর ইউনিয়নের নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর ও অফিসের পাশে টানানো নৌকার কয়েকটি পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৫)
উক্ত মামলার আসামী দেখিয়ে বিএনপি নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, নৌকার পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ভাঙ্গচুরের যে অভিযোগ আনা হয়েছে তা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্তের দাবী জানিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
মামলার বাদী আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন জানিয়েছেন, রাতের আঁধারে বিএনপি নেতাকর্মীরা নৌকার পোস্টার পুড়িয়ে ফেলা ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন।
কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান, আওয়ামী লীগ নেতার মামলার প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।