জ্যেষ্ঠ প্রতিবেদক :
জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গ্রেফতারকৃত নেতাকর্মীদের তালিকা দিয়েছেন। সোমবার বিকালে নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানী এলাকাতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তিনি এ তালিকা তুলে ধরেন।
খন্দকার মুক্তাদিরের দেয়া তালিকানুযায়ী ২২ ও ২৩ ডিসেম্বর গ্রেফতারকৃত নেতাকর্মীরা হচ্ছেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক অলিউর রহমান ড্যানি, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, ১৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক রোম্মান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বেলাল আহমদ, যুবদল নেতা গাজী লিটন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মির্জা জাহেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শামিম আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ঘোষ, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শাহাজান আহমদ, কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান চমক আলীর ছেলে সোহেল আহমদ, ছাত্রদল নেতা জাহেদ আহমদ (২), সুহেব খান, তানজিল আহমদ, ১৬ নং ওয়ার্ড জাসাসের সাধারণ সম্পাদক রোমান খান, হাবিবুর রহমান ডালিম, খোরশেদ আলমসহ আরও বিভিন্ন এলাকার নেতাকর্মী।
এসময় তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরন মাহমুদের নেতৃত্বে বালুচরে বিএনপির কার্যালয়ে হামলায় গুরুতর আহত হয়ে ছাত্রদল নেতা শাহজান সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।