কমলগঞ্জ প্রতিনিধি :
সেনাবাহিনী আসার পর থেকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি নেতাকর্মীরা প্রচারণায় নামতে শুরু করেছে।
উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি সমর্থিত কর্মীরা রাস্তা ও হাটবাজারে পোস্টার লাগাতে শুরু করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে কমলগঞ্জে এক ব্যবসায়ী নেতা ও এক বিএনপির সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
একইদিন রাতে দুর্বৃত্তরা শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ের ব্যানার ও পাশের পর্দা কেটে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার পতনঊষারসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে বিএনপি’র পোস্টার টানাতে শুরু করেছে কর্মীরা। এতোদিন মাঝে মধ্যে পোস্টার দেখা গেলেও প্রকাশ্যে পোস্টার টানাতে কাউকে দেখা যায়নি। তবে তাদের ধারণা সকাল থেকে সেনাবাহিনী মাঠে নামার কারনে আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের হয়রানি করা হবে না।
এদিকে মৌলভীবাজার-৪ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ইউনিয়ন বিএনপির সদস্য সদস্য লেবু মিয়া (৫০)-কে ও ভানুগাছ বাজার থেকে কমলগঞ্জ পৌর বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মামুন-অর-রশীদকে পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মছব্বির মিয়াকে শ্রীমঙ্গল থানার পুলিশ গ্রেফতার করেছে।
কমলগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আহমেদুর রহমান বলেন, গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা সবাই গা ঢাকা দেওয়ায় একদল দুর্বৃত্ত শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে এসে ব্যানার ও পাশের পর্দা কেটে ফেলেছে। বেশীর ভাগ নেতাকর্মী পলাতক থাকায় এ ঘটনায় থানায় কোন অভিযোগও করা হয়নি বলে তিনি জানান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ভানুগাছ ও বিএনপির এক সদস্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।